
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৪ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা বিওপির স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করে ৬৪ বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে হ্নীলা সীমান্তে নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং টহল জোরদার করা হয়েছিল।
বিজিবি জানায়, বুধবার দিনের বেলায় জেলের ছদ্মবেশে দুই ব্যক্তি নৌকাযোগে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির বিশেষ টহল দল চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে কোনো মালামাল পাওয়া যায়নি। তবে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পায় বিজিবি। বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালালে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০টি কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া এলাকার জয়ঘর দাস (৫০) ও ফুলের ডেইল এলাকার মোহাম্মদ হোসাইন (২০)।
বিজিবির তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা এবং ২৪৩ জনকে আটক করা হয়েছে। এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি।